আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) ট্রাফিক বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের তিনটি গেট খোলা থাকবে। এগুলো হলো— মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) এবং আসাদগেট (১ নম্বর গেট)। তবে যানজট এড়ানো এবং সংসদ ভবনে নির্বিঘ্নে প্রবেশের সুবিধার্থে অতিথিদের মনিপুরী পাড়া গেট ব্যবহার না করে বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো গাড়ির স্টিকার অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। এসব স্টিকারের মধ্যে রয়েছে— পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল। পদ্মা, মেঘনা, যমুনা এবং শাপলা স্টিকারযুক্ত গাড়িগুলো সংসদ ভবনের ভেতরে নির্ধারিত বিভিন্ন স্থানে পার্কিং করতে পারবে। অন্যদিকে বকুল, শিমুল এবং শিউলি স্টিকারযুক্ত গাড়িগুলোকে পুরাতন বাণিজ্যমেলা মাঠে পার্কিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গাড়িগুলোর জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের যানবাহনগুলোকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়কে এক লাইনে (সিঙেল লাইন) পার্কিং করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংসদ ভবনে প্রবেশের আগে আমন্ত্রিত অতিথিদের টানেল রোডে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে। এ সময় টানেল রোডে গাড়ি থামিয়ে নামার ক্ষেত্রে যতটা সম্ভব কম সময় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ, যাতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়।
পাশাপাশি চালক বা গাড়ির সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তিকে গাড়ি থেকে না নামার জন্যও অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ। এতে করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে জানিয়েছে ডিএমপি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন