ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব, ঢাকা থেকে ৪২৩টি ফ্লাইট বাতিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ৪২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় এসব ফ্লাইট বাতিল করতে হয়েছে। ফলে ঢাকার সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাত্রী চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ১২ মার্চ (০০০০ এলটির পর) আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ-এর ৪টি, এয়ার অ্যারাবিয়া-এর ৪টি, গালফ এয়ার-এর ২টি, কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস-এর ৪টি, জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি, ফ্লাইদুবাই-এর ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ৪টি ফ্লাইট।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।