পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এবারও ঈদ যাত্রায় শুরুতেই কিছুটা ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, হাজারো মানুষের ভিড় থাকলেও কাউন্টারগুলোতে বাসের দেখা নেই, মিলছে না কাঙ্ক্ষিত টিকিটও।
বৃহস্পতিবার সকাল থেকেই মহাখালী টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিটের দেখা পাচ্ছেন না অনেকে।
যাত্রীরা জানান,, কাউন্টার থেকে জানানো হচ্ছে গাড়ি নেই, অথচ শত শত মানুষ বাসের অপেক্ষায় বসে আছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও কখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তায় তারা।
যাত্রীরা আরও জানান, বাস সংকটের সুযোগ নিয়ে পরিবহন সংশ্লিষ্টরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। ৪৫০ টাকার নিয়মিত ভাড়া এখন ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এমনকি বাড়তি টাকা দিতে রাজি হলেও মিলছে না টিকিট।
লাইনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি। টিকিট নেই, আবার যা-ও দু-একটা আছে সেগুলোর দাম আকাশছোঁয়া। আমাদের এই ভোগান্তি কখন শেষ হবে?
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করে কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, মহাসড়কে যানজট ও দূরপাল্লার বাসগুলো সময়মতো ঢাকায় ফিরতে না পারায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।


