বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বক্তব্যে দিতে গিয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা এখনও বাড়াইনি। আপনারা লক্ষ্য করেছেন, তেলের দাম না বাড়ার পাশাপাশি এর সরবরাহও স্বাভাবিক রাখা হয়েছে। এমনকি সদ্য সমাপ্ত ঈদের সময়ও জ্বালানি তেলের অভাবে কোনো যানবাহন বা পরিবহন আটকে থাকেনি। পুরো পরিবহন ব্যবস্থা সচল ছিল।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব নেয়, তখন অর্থনীতি ছিল একটি সার্বিক নিম্নগামী অবস্থায়। এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন করে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
অর্থমন্ত্রী জানান, যেহেতু যুদ্ধ বিদেশের মাটিতে হচ্ছে, তাই এর ওপর আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। তবে এটি এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুদ্ধ যদি দীর্ঘ দিন অব্যাহত থাকে, তবে চাপের মাত্রা আরও বাড়বে। বিশ্বজুড়ে যেভাবে চাপ বাড়ছে, তার প্রভাব আল্টিমেটলি আমাদের জনগণের ওপরও এসে পড়ার আশঙ্কা রয়েছে। এই কঠিন সময় মোকাবিলায় আমাদের সবাইকে সংযমী হতে হবে। একমাত্র সংযমের মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও যোগ করেন, সরকার এখন পর্যন্ত দক্ষতার সাথে ব্যবস্থাপনা করছে বলেই জনগণের ওপর সেই অর্থে বড় ধরনের চাপ সৃষ্টি হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন