বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারিত হয়েছেন। এ ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি অনুযায়ী।
বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌহিফ আহমেদ।
অপসারিত কর্মকর্তারা হলেন: ১. সাজিদ বিন কামাল (বিপি-৯৭২৫৯০০১৯৩), ২. রতন বালা (বিপি-৯৬২৫৯০০২৭৮), ৩. মো. আব্দুল আজিজ (বিপি-৯৮২৫৯০০২৭৩) ও ৪. তাহমিদ আহমদ (বিপি-৯৭২৫৯০০২৪৯)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ)-এর মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই চার শিক্ষানবিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারিত করা হলো। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। তবে তাদের অপসারণের সুনির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন