ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:৪১ পিএম
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা ও নানা চাপের মধ্যেও জনগণের স্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। এতে বিদ্যুৎ, গণপরিবহন ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে সে লক্ষ্যেই সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

তিনি আরও বলেন, আগামী এপ্রিল মাস পর্যন্ত দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণে সরকার সক্ষম। বর্তমানে বিশ্বে প্রায় ৮০টি দেশে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, চাহিদা সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। সাধারণ সময়ে দেশে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেল এবং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন পেট্রল ও অকটেনের চাহিদা থাকে। তবে ঈদের আগে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। আরও উপস্থিত ছিলেন: জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ।