ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দেশ্যে ৭ হাজার টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু করেছে।
চলতি মাসে চতুর্থ দফায় গতকাল শনিবার (২৮ মার্চ) পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র পাইপলাইনে পাম্পিং করে ডিজেল ছাড়তে শুরু করেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, এবারের চালানে ৭ হাজার টন ডিজেল আসবে। পাম্পিং শুরু হওয়ার পর পাইপলাইনের মাধ্যমে এই তেল গন্তব্যে পৌঁছাতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। আশা করা হচ্ছে, আগামী ৩১ মার্চের মধ্যে পুরো ৭ হাজার টন ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে জমা হবে।
উল্লেখ্য, ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর স্থাপন করা হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়। ফলে আগে যেখানে খুলনা ও চট্টগ্রাম থেকে রেলে তেল আনতে ৬–৭ দিন সময় লাগত, এখন তা অনেক কম সময়ে সম্ভব হচ্ছে।
দুই দেশের চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। বর্তমানে বছরে ২ থেকে ৩ লাখ টন আমদানির লক্ষ্য থাকলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ১০ লাখ টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন