আজ বিকেলে জাতীয় সংসদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে। প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবসহ দেশের গুরুত্বপূর্ণ জনসেবা, অবকাঠামো ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রী উত্তর দেবেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। এতে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় অন্তর্ভুক্ত থাকবে।
বিধি-৭১ এর আওতায় জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশগুলো নিষ্পত্তি করা হবে। পাশাপাশি গৃহীত নোটিশগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আলোচ্যসূচিতে তিনটি জনগুরুত্বপূর্ণ ইস্যু বিশেষভাবে স্থান পেয়েছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি.এম. নজরুল ইসলাম সুন্দরবনের জলদস্যুদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবীর দৌলতপুর ও শিবালয় উপজেলার নদীভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য পানিসম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
এ ছাড়া নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা কংশ নদীর ওপর ডেউটুকোন ঘাটে নতুন সেতু নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন।
বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী বৈঠক পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা এতে অংশ নেবেন।


