ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না : জ্বালানি বিভাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:০৫ পিএম
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

তেল মজুতের প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, ‘দেশে এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এই মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরান যে ছয়টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।

 তিনি আরও বলেন, এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত।