মধ্যপ্রাচ্যে এখনো চলছে চরম উত্তেজনাপূর্ণ সময়। তবে এমন উত্তেজনার মধ্যেও সুখবর পেল বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ।
শুক্রবার (০৩ এপ্রিল) ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটি। এদিকে আজ রাতেই মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে ভিড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইয়ান জিং হে’ জাহাজটি ভোরে বহির্নোঙরে পৌঁছেছে এবং একে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হবে।
তিনি আরও বলেন, আজ রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে। এ ছাড়া আগামীকাল এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথা আছে।
উল্লেখ্য, গত মাসে জ্বালানি নিয়ে দেশে ৩৩টি জাহাজ ভিড়েছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে আসে ১৫টি জাহাজ। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে আসে ৮টি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে ৯টি জাহাজ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন