জরুরি মেরামত ও সংস্কার কাজের কারণে দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার (৪ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলা অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড়া ও নবীপুর এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। জরুরি সংস্কার কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকাতেও একই দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ-১-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিরতি প্রয়োজন।
তিনি বলেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন