ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালেহ শিবলী প্রধানমন্ত্রীর মুখপাত্র নিযুক্ত হওয়ায় ডিআরইউর অভিনন্দন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৫২ পিএম
বিশিষ্ট সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে সালেহ শিবলীর এই নিয়োগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা বলেন, আবু আবদুল্লাহ এম ছালেহ একজন দক্ষ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। ডিআরইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই নতুন ও দায়িত্বশীল পদাধিকার সাংবাদিক সমাজের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে।

ডিআরইউ নেতারা সালেহ শিবলীর উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, তিনি তার নতুন কর্মক্ষেত্রেও সাংবাদিক সমাজের স্বার্থ ও পেশাগত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবেন।