ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেবিচকে বিদেশি এয়ারলাইন্সের জন্য এসএসপিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:০৬ পিএম
বেবিচকে এসএসপিবিষয়ক কর্মশালা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা জোরদার ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য নিশ্চিত করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ তিন দিনব্যাপী Supplementary Station Procedure (SSP) প্রস্তুতিবিষয়ক কর্মশালা আয়োজন করেছে। 

৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে পরিচালনাকারী বিদেশি বিমান সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তোলা এবং বেবিচকের বিধিমালা অনুযায়ী SSP প্রস্তুত, জমা ও অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা। এ সময় CAAB-এর প্রণীত ‘মডেল SSP’-এর প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (চিফ এভসেক ইন্সপেক্টর), ICAO অডিটর ও সার্টিফায়েড ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেন, সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারি এবং নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

কর্মশালায় বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের মোট ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রাম (NCASP) অনুযায়ী, প্রতিটি বিদেশি অপারেটরের জন্য সংশ্লিষ্ট বিমানবন্দরের ভিত্তিতে SSP প্রণয়ন এবং তা বেবিচকের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

মো. আসিফ ইকবাল বলেন, SSP বাস্তবায়নের মাধ্যমে এয়ারলাইন্সগুলোর অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ জোরদার হবে এবং বেবিচক, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অডিটে কমপ্লায়েন্স অর্জন সহজ হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তাবিষয়ক অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের পর এই অডিটে আন্তর্জাতিক মানদণ্ডে বেশকিছু পরিবর্তন এসেছে, যা দেশের এভিয়েশন খাতের জন্য গুরুত্বপূর্ণ।

এই কর্মশালাকে আসন্ন ICAO অডিটের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আয়োজকদের মতে, এমন উদ্যোগ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।