শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ব্যবস্থাপনায় শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে।
শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়।


