আজ ১০ এপ্রিল, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, যা পরে ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিতি পায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত এ সরকারে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। উপররাষ্ট্রপতি করা হয় সৈয়দ নজরুল ইসলামকে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাজউদ্দীন আহমদকে।
সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার একটি নিভৃত আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় স্বাধীন বাংলার এই অস্থায়ী সরকার। পরে ওই স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর এবং এটিকে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
১০ এপ্রিল গঠিত এই সরকারের মাধ্যমে মুক্তিযুদ্ধ সুসংগঠিত, বৈধ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ পায়। সরকারের নেতৃত্ব, প্রজ্ঞা ও কৌশলগত সিদ্ধান্ত মুক্তিযুদ্ধকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নেয়।
এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয় অর্জন করে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

