শিক্ষকদের বেতন বাড়ানো সময়ের দাবি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকতায় পেশায় সবাই ইচ্ছে করে আসে। শিক্ষা মন্ত্রণালয় আপনাদের প্যাট্রোনাইজ করবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুর অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হোক এটা সবাই চায়। আপনারা কী বলেন? শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আগামীকাল এনটিআরসিএ এর শিক্ষক নিয়োগ পরীক্ষা। হঠাৎ গতকাল (১৬ এপ্রিল) ফ্যাক্সের মাধ্যমে জানতে পারি পরীক্ষা কোর্ট স্থগিত করে দিয়েছে। দেখুন কী একটা অবস্থা? কেমন দেশে বাস করি। শিক্ষকদের জন্য পরীক্ষা সেটাও কোর্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। অনেকেই মনে করেন শিক্ষকতা লাস্ট পেশা। এটা সত্যি না।
মন্ত্রী আরও বলেন, আমরা ছাত্র- ছাত্রীদের কিছু বলব না। সব দায় আমাদের, মন্ত্রীর ও শিক্ষকদের।
তিনি বলেন, আমরা কারো সমালোচনা করব না। অতীতে কী হয়েছে, সেটা নিয়ে কোন সমালোচনা হবে না। ছাত্র-ছাত্রীরা নকল করে না। কোন কেন্দ্র সচিব যদি অপারগ মনে করেন, তাহলে আপনি দায়িত্ব থেকে সরে যান।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন