ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসছে কর্মসূচি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:২১ পিএম
ছবি : সংগৃহীত

বর্তমানে পে-স্কেল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নানা পোস্টে প্রতিবাদও লক্ষ করা যাচ্ছে। এবার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগেই পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে বৃহৎ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক সংবাদমাধ্যমকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

আবদুল মালেক বলেন, নতুন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবি সরকারের নজরে আনতেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কর্মসূচি পালন করা হবে।

তিনি উল্লেখ করেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। এ অবস্থায় নিম্ন বেতনভুক্ত সরকারি কর্মচারীরা স্বল্প আয়ে কীভাবে সংসার চালাবেন সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

তিনি আরও বলেন, ১১ বছর ধরে বেতন বাড়েনি। এ সময়ে দুইটি পে-স্কেল হওয়ার কথা থাকলেও একটিও বাস্তবায়িত হয়নি। অথচ দ্রব্যমূল্য ক্রমাগত বেড়েই চলেছে। যারা বলেন পে-স্কেল বাড়লে দ্রব্যমূল্য বাড়ে, তারা হয়তো এই সময় দেশে ছিলেন না বা বাস্তবতা দেখেননি। কারণ, বেতন বৃদ্ধি ছাড়াই বাজারমূল্য বেড়েছে—কিন্তু কেন বেড়েছে, সে প্রশ্নেরও উত্তর তাদের জানা নেই।

বার্তায় বলা হয়, ২০১৫ সালের পর দেশে চারবার সরকার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ দুইবার, একটি অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার। কিন্তু কোনো সরকারই সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ সরকারি কর্মচারীরাই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে পে-স্কেল বাস্তবায়ন না হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করতে পারে। এ কারণে সচিব পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তিনটি টাইম স্কেল পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা বহাল রাখা এবং দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে সংগঠনটি।