বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার এমসিকিউ ফল প্রকাশ করেছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে প্রকাশিত এ ফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৪৮ হাজার ১৪৬ জন পরীক্ষায় অংশ নেন।
পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের ফল টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে জানানো হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ফল সংশোধনের অধিকারও সংরক্ষণ করেছে এনটিআরসিএ।
উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে প্রথমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন