ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মে মাসে বড় কর্মসূচির ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ মে মাসের ১৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, ৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবি সরকারের নজরে আনার জন্য গণতান্ত্রিক উপায়ে এই কর্মসূচি পালন করা হবে। এতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। ফলে নিম্ন বেতনের সরকারি কর্মচারীদের জন্য বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সংগঠনটির দাবি, গত ১১ বছরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি। এ সময়ে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও একটি পে স্কেলও বাস্তবায়ন হয়নি। অথচ বেতন বৃদ্ধি ছাড়াই দ্রব্যমূল্য বেড়েছে, যা কর্মচারীদের জীবনযাত্রাকে আরও সংকটাপন্ন করেছে।

বার্তায় আরও বলা হয়, ২০১৫ সালের পর চারবার সরকার পরিবর্তন হলেও কোনো সরকারই সরকারি কর্মচারীদের স্বার্থে কার্যকর উদ্যোগ নেয়নি। এতে কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে। আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন না হলে অসন্তোষ তীব্র আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করা হয়।

এছাড়া সচিব পর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তিনটি টাইম স্কেল পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা বহাল রাখা এবং দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।