ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টানা বৃষ্টিতে পাঁচ জেলায় বন্যার শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি- সংগৃহীত

দেশজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার প্রায় ৮২ সেন্টিমিটার ওপরে রয়েছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে মৌলভীবাজার জেলার মনু নদীর পানিও প্রাক-মৌসুমি বিপৎসীমা ছাড়িয়ে প্রায় ৭২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীগুলোর পানি আরও বাড়তে পারে। এতে আশপাশের নিম্নাঞ্চলে প্লাবন বিস্তৃত হয়ে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।