রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষের ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং লেনে, চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি ট্রাস্ট মিনিবাস প্রতিমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাসচালক ওমর ফারুককে (২৫) হেফাজতে নেয়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

