দেশে জ্বালানি পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরকার জ্বালানি সংকট মোকাবিলায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এর ইতিবাচক ফল এখন দৃশ্যমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, কিছুদিন আগেও পেট্রোল সংকট ও বিদ্যুৎ সমস্যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল, এমনকি বিরোধী দলের সদস্যরাও এ বিষয়ে সমালোচনা করেছিলেন। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং লোডশেডিংও অনেকটাই কমে এসেছে। তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দল মিলেই একটি কমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা।
নিজের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের আমলে তাকে মিথ্যা মামলায় দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বলেন, কারাভোগ এড়াতে তখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ তাকে অনুপ্রাণিত করে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটি নতুন রূপে আত্মপ্রকাশ করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন