ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২৬, ১১:৪০ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে উন্নয়ন ও সংস্কারসংক্রান্ত ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে মাঠ প্রশাসনের কাছে সরকারের নীতিমালা ও পরিচালনার দিকনির্দেশনা তুলে ধরছেন শীর্ষ নীতিনির্ধারকেরা।

ডিসি ও বিভাগীয় কমিশনাররা ৩০টি অধিবেশনে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে পৃথক কার্য অধিবেশনে অংশ নেবেন তারা।

সম্মেলনের অংশ হিসেবে আজ রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। আগামীকাল সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে এবং মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন তারা।

এর আগে শনিবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করা এবং মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সমন্বয় বাড়ানোই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবারের সম্মেলনের বাজেট কমিয়ে ৭১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ডিসিদের প্রস্তাবনায় জনসেবা উন্নয়ন, স্বাস্থ্য খাত সম্প্রসারণ, অবকাঠামো নির্মাণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে।

এ ছাড়া শিল্পায়ন, কৃষি উন্নয়ন, পর্যটন বিকাশ এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। গত বছরের সম্মেলনের সিদ্ধান্তগুলোর উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলেও জানানো হয়েছে।