ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গে আজ ফল, মমতার প্রত্যাবর্তন নাকি বিজেপির উত্থান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:৩৮ এএম
নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জী

ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আজ প্রকাশিত হচ্ছে। তবে সবার নজর পশ্চিমবঙ্গের দিকে। রাজ্যটিতে ক্ষমতায় ফিরবেন কি না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি ক্ষমতার পালাবদল ঘটবে—তা নিয়েই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

২০১১ সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনেও জয় পেয়ে টানা ক্ষমতায় থাকে দলটি। ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে সামনে রেখে নিজেদের অবস্থান শক্ত করে তারা।

অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৬ সালের পর থেকে রাজ্যে নিজেদের অবস্থান জোরদার করে। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করে ভোটের হার বাড়াতে সক্ষম হয় দলটি। এদিকে বামফ্রন্ট ও কংগ্রেস জোটের শক্তি তুলনামূলকভাবে কমেছে।

বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, চূড়ান্ত ফল নির্ধারণ করবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) গণনা। এর মাধ্যমেই জানা যাবে, তৃণমূলের ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি নরেন্দ্র মোদি–এর নেতৃত্বাধীন বিজেপি রাজ্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

এদিকে আসামে কংগ্রেসের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা, কেরালায় সম্ভাব্য পরিবর্তন, তামিলনাড়ুতে ক্ষমতার পালাবদলের আভাস এবং পুদুচেরিতে ছোট পরিসরের হলেও গুরুত্বপূর্ণ লড়াই নিয়ে আগ্রহ রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, আজকের ফল শুধু পাঁচ রাজ্যে সরকার গঠনের চিত্রই নির্ধারণ করবে না, বরং ভোটাররা পুরোনো সরকারের ওপর আস্থা রেখেছেন, নাকি পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন—সেটিও স্পষ্ট হয়ে যাবে।