আনন্দে-বেদনায়, প্রেমে-বিরহে কিংবা প্রতিবাদে—বাঙালির জীবনের নানা অনুভূতির ভাষা হয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেড় শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও তিনি এখনো বাঙালির জীবন, সংস্কৃতি ও চেতনার গভীরে অমলিন।
আজ ২৫ বৈশাখ, কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।
প্রতিবছর ২৫ বৈশাখ বাঙালির সাংস্কৃতিক জীবনে বিশেষ আবহ তৈরি করে। দিনটি শুধু একজন কবির জন্মদিন নয়, বাঙালির সংস্কৃতি, মনন ও আত্মপরিচয়েরও প্রতীক।
বাংলা সাহিত্য, সংগীত, চিত্রকলা ও দর্শনের প্রতিটি স্তরে রবীন্দ্রনাথের প্রভাব গভীরভাবে ছড়িয়ে আছে। তার লেখা আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে বাঙালির হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশুতোষ সাহিত্য ও চিত্রকলায় তার সৃষ্টিশীলতার দীপ্তি আজও সমান উজ্জ্বল।
মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধএও তার গান ছিল বাঙালির অনুপ্রেরণার শক্তি।
সাহিত্যের বাইরেও শিক্ষা, কৃষি, গ্রামীণ অর্থনীতি ও সমাজকল্যাণে রবীন্দ্রনাথের অবদান উল্লেখযোগ্য। শান্তিনিকেতনে ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা বাংলাদেশের শাহজাদপুর ও পতিসর-এ কৃষকদের উন্নয়নে কাজ করা তার বহুমাত্রিক চিন্তার পরিচয় বহন করে।
সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজ ও জীবনযাত্রা বদলেছে, তবে রবীন্দ্রনাথ আজও বাঙালির অনুভবে চিরনতুন। নতুন প্রজন্মও তার সৃষ্টিতে খুঁজে পায় ভালোবাসা, মানবতা ও জীবনের গভীর সত্যের আলো।
এ বছর রবীন্দ্রজয়ন্তীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শিলাইদহ-সহ কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শিলাইদহে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ ছাড়া পতিসরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত থাকবেন। অন্যদিকে শাহজাদপুরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। খুলনার দক্ষিণ ডিহির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি চার দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ বিকেল সাড়ে ৫টা থেকে ১১ মে পর্যন্ত এ আয়োজন চলবে।
বাংলা একাডেমি-তে ১১ মে বিকেল ৩টায় সেমিনার, রবীন্দ্র পুরস্কার ২০২৬ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া সাংস্কৃতিক সংগঠন ছায়ানট দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা এবং কাল সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে আলোচনা, নাচ, গান ও আবৃত্তির আয়োজন থাকবে।

