ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ট্রেনের মিলবে ১৩ মে থেকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:৪৪ এএম
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা প্রস্তুতি শুরু হয়ে গেছে। দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল থেকে বিভিন্ন বাস কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। ফলে ৮ মে থেকেই যাত্রীরা ২১ মে ও পরবর্তী দিনের বাস টিকিট কিনতে পারছেন।

বাস কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ করে ২৪ মে রাত, ২৫ মে পুরো দিন এবং ২৬ মে সকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। কারণ ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ওই সময় বাড়ি ফেরার চাপ বেড়েছে।

শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই যাত্রীদের আগ্রহ বেশ বেশি দেখা যাচ্ছে।

এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনলাইন টিকিট বিক্রিতেও নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে।

অন্যদিকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। ঘোষিত সূচি অনুযায়ী, ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মের যাত্রার টিকিট।

আগের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এছাড়া ঈদ শেষে ফেরার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন পাওয়া যাবে ৩১ মে যাত্রার ফিরতি টিকিট। পর্যায়ক্রমে ২৫ মে পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।