ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি : সংগৃহীত

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করবেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি।

এবারের পুলিশ সপ্তাহে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাণীতে বলা হয়েছে, স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। একই সঙ্গে জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে কঠোর ও সক্রিয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় অগ্রগতি ও আইনশৃঙ্খলা উন্নয়নের সঙ্গে পুলিশ বাহিনীর সক্ষমতা সরাসরি সম্পর্কিত। এ কারণে সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে উল্লেখ করেন, পুলিশের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসনের অনেকাংশ নির্ভর করে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে অপরাধের ধরন দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের জনগণের আস্থা ও সেবার প্রতীক হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন বর্ণাঢ্য প্যারেডে।