দেশের ছয়টি বিভাগে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি শিশু হাসপাতাল ভবন দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেগুলো দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সচিবকে অবিলম্বে হাসপাতালগুলো পরিদর্শন করে সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। একই সঙ্গে নির্দেশনার বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে আগামী ২ জুন ২০২৬-এর মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শিরোনামে দেশের একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। হাসপাতালগুলো রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় অবস্থিত।
শিশু হাসপাতালগুলোর পাশাপাশি দেশের অন্যান্য স্বাস্থ্য প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়। বর্তমানে আংশিক চালু থাকা ৫০০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য অচল প্রকল্প দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে নীলফামারীতে প্রস্তাবিত ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত শুরু করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করে প্রকল্পের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন।
নীলফামারি সদর উপজেলায় নির্মিতব্য এই হাসপাতাল বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে বাস্তবায়ন করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটি একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে। উত্তরাঞ্চলের উচ্চ দারিদ্র্যের হার ও সীমিত স্বাস্থ্য অবকাঠামোর বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগকে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন