ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবারও বাড়ল তেলের দাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:৪০ এএম
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া অবস্থান বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক বাজারে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ৪২ সেন্টে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়ায় ১০৪ ডলার ৪৯ সেন্টে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এখনো শেষ হয়নি। তার ভাষ্য, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করতে তাদের সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস এবং সংশ্লিষ্ট উপকরণ সরিয়ে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে এখনো অনেক পদক্ষেপ বাকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে দেওয়া পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তেহরানের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হলে বিশ্ব তেলবাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে বাড়তে থাকা অনিশ্চয়তা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

তাদের আশঙ্কা, ইরান যদি হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করে, তাহলে বৈশ্বিক জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।