ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতিটি কন্যাশিশুর স্বপ্নপূরণে সহায়ক হবে রাষ্ট্র : ডা. জুবাইদা রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:৪২ পিএম
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

দেশের প্রতিটি মেয়ের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা, মানবিক বিকাশ ও স্বপ্ন বাস্তবায়নের পথে রাষ্ট্রের দায়িত্ব হবে প্রতিবন্ধকতা দূর করে তাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগানো।

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখলে কাঙ্ক্ষিত মানবিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এমন সমাজ গঠন করা যাবে যেখানে নারীরা আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

তিনি উল্লেখ করেন, পরিবার, সমাজ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নে নারীরা কেন্দ্রীয় শক্তি হিসেবে কাজ করতে সক্ষম। এ জন্য নারীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম এবং বিপণন সহায়তা নিশ্চিত করা গেলে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পুনাকের বিভিন্ন কার্যক্রমভিত্তিক একটি তথ্যচিত্র উপভোগ করেন। পরে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা এবং পুনাকের সহসভানেত্রী মিসেস সাবিনা আওলাদসহ অন্যরা।