সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে জয় পেয়েছেন মোহাম্মদ আলী। দুজনই বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
এবারের নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। বাকি একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী। দুই দিনব্যাপী ভোটগ্রহণে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২ হাজার ৯৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট। সম্পাদক পদে মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে প্রতিদ্বন্দ্বী এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
নীল প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ হিসেবে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে জয় পেয়েছেন মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি ছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন