রাজশাহীকে একটি পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সরকারের সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের আওতায় রাজশাহীর ডিজিটাল অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার (১৫ মে) রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী অঞ্চলের ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ আঞ্চলিক পপ চালু করা হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, আঞ্চলিক নিক্স পপ চালুর মাধ্যমে রাজশাহীতে ডিজিটাল উন্নয়নের নতুন গতি সৃষ্টি হবে। ইন্টারনেট একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো উল্লেখ করে তিনি বলেন, এটি যেন কখনো বিচ্ছিন্ন না হয়, সে জন্য সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, রাজশাহীতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সুবিধা ও আধুনিক অবকাঠামোর পাশাপাশি ইন্টারনেট কেবল স্থাপনের জন্যও সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। অচিরেই রাজশাহীকে একটি আধুনিক ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়ে তোলা হবে।
দেশীয় পর্যায়ে ডেটা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এখন দেশের ইন্টারনেট ট্রাফিক দেশের ভেতরেই বিনিময় করা সম্ভব হবে। এতে বিদেশি নির্ভরতা কমবে এবং দেশের অর্থ দেশেই থাকবে। প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জায়গার জন্য আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এ উন্নয়ন রাজশাহীকে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিনগরীতে পরিণত করবে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ আঞ্চলিক পপের মাধ্যমে প্রায় ৪০০ জিবিপিএস ট্রাফিক পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। এর ফলে রাজশাহী বিভাগে ইন্টারনেটের গতি ও মান বাড়বে, বিদেশি ব্যান্ডউইথের ওপর নির্ভরতা কমবে এবং স্থানীয় পর্যায়ে ডেটা আদান-প্রদান আরও দ্রুত ও সহজ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, এ উদ্যোগ রাজশাহীকে আধুনিক, প্রযুক্তিবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতগতির ও মানসম্মত ইন্টারনেট সেবার মাধ্যমে শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।
স্বাগত বক্তব্যে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া রাজশাহীর ঝুলন্ত তার আন্ডারগ্রাউন্ডে নেওয়ার জন্য ধানমন্ডির সমন্বিত সংযোগ মডেল বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনের সুযোগ তৈরি হলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বিনিয়োগে আগ্রহী হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসপিএবি’র কোষাধ্যক্ষ ও রেড ডাটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন আহমেদ। তিনি জানান, ২০২২ সালে ৩৪ জিবিপিএস ব্যান্ডউইথ নিয়ে যাত্রা শুরু করা আইএসপিএবি-নিক্স বর্তমানে ৪০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। বর্তমানে দেশের পাঁচটি বিভাগে এ নেটওয়ার্কের আঞ্চলিক পপ রয়েছে এবং শিগগিরই বরিশাল, সিলেট ও রংপুর বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে এর সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, রাজশাহীর নিক্স স্থাপনে অর্থায়ন করেছে ইন্টারনেট সোসাইটি ও ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন। বর্তমানে ১৫২টি আইএসপি এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম। এছাড়া ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, পরিচালক মিঠুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

