আগামী জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে অতিরিক্ত ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাজেট অনুমোদন হলে দেশের হাসপাতালগুলোতে ধাপে ধাপে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা হবে।
বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়নে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। আগামী অর্থবছরে বাজেট বৃদ্ধি পেলে হাসপাতালগুলোকে আধুনিক মেশিন ও চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল চালু হলে শিশুস্বাস্থ্যসেবায় নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ সদস্যের নিরাপত্তা দল মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু শৌচাগারের অবস্থা ব্যবহার অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়মিত তদারকি করা হবে।
জনবল সংকট নিরসনে ঈদের পর প্রায় এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


