জাতীয় পতাকার প্রতি আনুগত্য, দেশরক্ষার অঙ্গীকার এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন এ-২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক।
বৃহস্পতিবার (২০ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মনোজ্ঞ শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আইএসপিআর জানায়, এ-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও সামগ্রিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন। একই সঙ্গে সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অঙ্গনে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার ও দুটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) সংযোজন করা হয়েছে। পাশাপাশি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ আধুনিক প্ল্যাটফর্ম অন্তর্ভুক্তির কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলো নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণ এবং বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় ও দুর্গম এলাকায় সফলভাবে দায়িত্ব পালন করেছে।
দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো ত্যাগ স্বীকারে নৌবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার নির্দেশনাও দেন তিনি।
প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে পেশাগত জীবনে প্রবেশ করা নবীন নাবিকদের অভিনন্দন জানিয়ে নৌবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষা এবং শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন