ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:১১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন। ছবি : সংগৃহীত

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উৎসবে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি যাত্রা শুরু করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।

দুপুর ২টায় তিনি ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি নেবেন এবং বিকেল ৩টায় নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি তিন দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

এরপর বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন বলে জানানো হয়েছে।

সফরকে ঘিরে ত্রিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও এসএসএফ সদস্যদের উপস্থিতিতে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কজুড়ে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল এবং অন্য পাশে বসেছে নজরুল মেলা।