মহাসড়কের পাশে গরুর হাট বা অবৈধ বাজার কোনোভাবেই বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
রোববার (২৪ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত গণসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে পশুর হাট বা অবৈধ বাজার বসলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই আগেভাগেই এসব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিআরটি প্রকল্পটি শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল এবং এটি বাস চলাচলবান্ধব নয়। প্রকল্পটি সচল রাখতে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয়ের একটি প্রস্তাব রয়েছে। অন্যদিকে, প্রকল্পটি অপসারণের বিকল্প প্রস্তাবও বিবেচনায় আছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শেখ রবিউল আলম বলেন, অতিরিক্ত বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি কার্যকর করা সম্ভব হলে সেটি অপসারণের চেয়ে বেশি জনবান্ধব হতে পারে। তবে জনস্বার্থ ও যৌক্তিকতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় মন্ত্রী বলেন, ঈদযাত্রায় হাজারো মানুষ যেন নিরাপদে ও ভোগান্তিহীনভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চন্দ্রা ত্রিমোড়কে উত্তরাঞ্চলে যাতায়াতের গুরুত্বপূর্ণ প্রবেশপথ উল্লেখ করে সেখানে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন