ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

বাসস
প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৪:০৪ এএম
ছবি : সংগৃহীত

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় গতকাল মঙ্গলবার আরাফাতের ময়দানে সমবেত হন লাখ লাখ হজযাত্রী। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও তারা ইবাদত-বন্দেগি ও প্রার্থনায় দিনটি কাটান।

সৌদি আরব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জিলহজ মাসের নবম দিন ফজরের নামাজের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে আসতে শুরু করেন। সকাল থেকেই তারা মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের আবহে তালবিয়া ও তাকবির পাঠ করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন।

সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র স্থানের নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করে হাজিরা ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ায় সময় অতিবাহিত করবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, ‘ওকুফে আরাফাহ’ নামে পরিচিত আরাফাতে অবস্থান করা হজের প্রধান স্তম্ভ।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তারা পাথর সংগ্রহ করবেন। বুধবার থেকে মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা শুরু হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনে অংশ নিয়েছেন। এবার ইরান থেকে এসেছেন ৩০ হাজারের বেশি হাজি। শুরুতে দেশটি থেকে ৮৬ হাজার হাজির আসার কথা ছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণেই হাজির সংখ্যা কমেছে।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালের তুলনায় এবার বিদেশ থেকে বেশি মানুষ হজ পালনে এসেছেন।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

সাম্প্রতিক দিনগুলোতে মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে। কারণ হজের অধিকাংশ আনুষ্ঠানিকতা খোলা আকাশের নিচে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়া শেষ করতে পাঁচ দিন বা তারও বেশি সময় লাগে।