পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আগামী সোমবার (১ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি অফিস কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হচ্ছে। একই সঙ্গে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও নিয়মিত কার্যক্রম চালু হবে।
ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে সারা দেশে ধর্মীয় উৎসব উদযাপিত হয়। ঈদকে কেন্দ্র করে সরকার শুরুতে ছয় দিনের ছুটি নির্ধারণ করলেও পরবর্তীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পান।
ছুটির অংশ হিসেবে ২৫ মে থেকে ছুটি কার্যকর হয়। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে টানা সাত দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করে।
তবে সব খাত এই ছুটির আওতায় ছিল না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থার কর্মীরা দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মী এবং জরুরি সেবাসংশ্লিষ্ট অফিসগুলোও ছুটির আওতার বাইরে ছিল। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে দেশের অফিস-আদালত ও বিভিন্ন সেবা খাতে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

