ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, এনবিআরের সতর্কতা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শূন্য পদে জনবল নিয়োগকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা প্রতারক চক্র থেকে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে। 

সোমবার (০১ জুন) এনবিআর থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা মেনে বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই সুযোগে দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অভিনব কৌশলে অর্থ আত্মসাৎ ও প্রতারণা-বাণিজ্যের অপচেষ্টা চালাচ্ছে, যা এনবিআরের দৃষ্টিগোচর হয়েছে।

এনবিআর জানায়, এই চক্রটির মূল উদ্দেশ্য হলো দ্বিমুখী প্রতারণা করা। যারা সম্পূর্ণ নিজস্ব মেধা ও স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি পাবেন, এই চক্রটি দাবি করবে যে তাদের দেওয়া অর্থের বিনিময়েই চাকরিটি হয়েছে।

এভাবে তারা চাকরি পাওয়ার পর অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করে। আর মেধা তালিকায় স্থান না পাওয়া অযোগ্য প্রার্থীদের কারো কারো অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে, যা মূলত তাদের বিশ্বাসযোগ্যতা অর্জনের একটি কৌশল মাত্র।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে কেবল যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করা হবে।

এখানে কোনো প্রকার আর্থিক লেনদেন বা সুপারিশের সুযোগ নেই। আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে কোনো দুষ্টচক্র অর্থ দাবি করলে বা এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে জানাতে অনুরোধ করা হয়েছে। 

এ ছাড়া সরাসরি এনবিআরের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে, জনসংযোগ কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড। টেলিফোন নম্বর: ০২-২২২২১৭৭৭৭ ই-মেইল: pro@nbr.gov.bd

কোনো অবস্থাতেই যেন চাকরিপ্রার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেন, বিজ্ঞপ্তিতে সেই আহ্বান পুনর্ব্যক্ত করেছে এনবিআর।