২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নির্ধারিত সময়সূচি পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার তারিখ নিয়ে অংশীজনদের মতামত পুনরায় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন নির্ধারণের আগে বিভিন্ন স্টেকহোল্ডার বা অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে এ বিষয়ে নতুন করে মতামত ও আলোচনা সামনে আসায় সময়সূচি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা করা হয়েছিল। তবে এ সময়সূচি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট মহলে বিভিন্ন মতামত পাওয়া যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আবারও আলোচনা হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, রমজান মাসের বিষয়টি মাথায় রেখেই পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের চিন্তা থাকলেও রোজার সময়সূচির কারণে জানুয়ারির শুরুতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়।
তবে বর্তমানে অনেকেই মত দিচ্ছেন যে রমজানের পর পরীক্ষা শেষ করা বা বিকল্প সময় নির্ধারণ করা যেতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা চলছে বলে জানান তিনি।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত রুটিন নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, জনমত এবং শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন হওয়ার বিষয়টি সমানভাবে বিবেচনায় নিতে হবে। সিলেবাস শেষ হওয়ার আগেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
শিক্ষামন্ত্রী জানান, যদিও পরীক্ষার রুটিন ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তবুও পরিস্থিতি ও মতামতের ভিত্তিতে তা পুনর্বিবেচনার সুযোগ এখনও খোলা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন