ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া রেজুয়ান হোসেন খান (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেজুয়ান হোসেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আজম জানান, রেজুয়ান হোসেন কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ৬৯৮/এ। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার সূর্যনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত দোলেয়ার হোসেন। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

