ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাকবলিত ট্রেনটি। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পাওয়ার কার উদ্ধার করলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসার সময় সেটিও স্টেশন সংলগ্ন লাইনচ্যুত হয়। পরে একটি বগি রেখে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত পাওয়ার কারের চাকা উদ্ধার করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

