বগুড়ার দুপচাঁচিয়ার ঝাঝিরা গ্রামে মানিক চৌধুরী হত্যাকাণ্ডের ১ নম্বর আসামি মো. আবুল কালাম আজাদকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে সাদিয়া ইসলাম। গতকাল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই দাবি জানান এবং মামলাটি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেন।
সংবাদ সম্মেলনে সাদিয়া ইসলাম বলেন, গত ১৮ মে ২০২৬ তারিখে মানিক চৌধুরী নিহত হন। হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে ও ভাতিজা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন যে, ফিরোজ হোসেন (কাকরুল) নামের এক ব্যক্তি কাঠের লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করায় মানিকের মৃত্যু হয়।
তিনি অভিযোগ করেন, তার বাবা আবুল কালাম আজাদ (গুনাহার ইউনিয়ন সভাপতি ও থানা শ্রমিক দলের সহসভাপতি) ঘটনার সময় বা আগে-পরে সেখানে উপস্থিত ছিলেন না। রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নিরপরাধ বাবাকে এই মামলায় ১ নম্বর আসামি করেছে।
সাদিয়া ইসলাম দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

