রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা, আবেদন ফি ও পরীক্ষার বিস্তারিত সময়সূচি উল্লেখ করা হয়েছে।
বুধবার (১০ জুন) থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আর আগামী ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd)-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। সে অনুযায়ী, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ফল ১৪ জুলাই প্রকাশ করা হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ করা হবে ২০ জুলাই।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি এবারই প্রথম ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি সাত কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

