ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০২:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইন চেষ্টা করা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি দপ্তর জানিয়েছে, ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৮ থেকে ২০ জন নারী-পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি।

১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাতভর নদীপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে। মাইকিং হুইসেল ব্যবহার করে বিএসএফকে জানান দেওয়া হচ্ছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।