সংবাদপত্রে সিলেটের পরিচিতমুখ, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে কানাডায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
ইসমাইল হোসেনের মৃত্যুতে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স এসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, সংবাদপত্র শিল্পের একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ এজেন্টকে হারালো দেশ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদপত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
শোকবার্তায় আরও বলা হয়, ব্যক্তিগত জীবনে মো. ইসমাইল হোসেন ছিলেন একজন সদালাপী, সৎ, কর্মঠ এবং সংবাদপত্রপ্রেমী মানুষ। তার মৃত্যুতে সংবাদপত্র অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

