সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মু. রেজা হাসান। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব মু. রেজা হাসান (পরিচিতি নম্বর: ১৬৬২২) বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বদলি করে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
একই আদেশে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রোজী আক্তারকে (পরিচিতি নম্বর: ১৬৬৭০)। তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন জেলা প্রশাসক হিসেবে জনাব মু. রেজা হাসান দ্রুতই সিলেটে তার কার্যভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন