ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান গুলশান, বনানী, মহাখালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের এলাকা, জাতীয় সংসদ ভবন এলাকা, কাজীপাড়া ও শেওড়াপাড়ার বিভিন্ন সড়কে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
রোববার (১২ জুলাই) দুপুরে তিনি প্রথমে গুলশান, পরে বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় প্রবল বৃষ্টিতে জমে থাকা পানির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসক সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
তিনি গুলশান, বনানী ও মহাখালী এলাকার সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।
এ সময় প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এবং জাতীয় সংসদ ভবন এলাকায় যাতে কোনো অবস্থাতেই পানি জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে তিনি শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার কয়েকটি সড়ক এবং কাজীপাড়া খালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসব এলাকায় জমে থাকা পানি দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় প্রশাসক কাজীপাড়া ও শেওড়াপাড়ায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন।
সরেজমিনে পরিদর্শনকালে তিনি নিজেই হাঁটুসমান পানিতে নেমে পানি নিষ্কাশনের নালা ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আশপাশের দোকানদারদের ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসকের একান্ত সহকারীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন