প্রতারণা মামলায় আদালতের নির্দেশে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে বিমান থেকে নামিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া নারীর নাম মাকসুদা চৌধুরী (৫৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের বাসিন্দা এবং শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মাকসুদা চৌধুরী। ওই মামলায় আদালত তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই নিষেধাজ্ঞা কার্যকর থাকায় বিমানবন্দরে ইমিগ্রেশন যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, যাত্রী হিসেবে তিনি ইতোমধ্যে বিমানে উঠেছিলেন। পরে আদালতের নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন