ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭)-এর ‘কৌশলগত পরিকল্পনা কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) মুন্সিগঞ্জের মাওয়াঘাটে পদ্মাসেতু সার্ভিস এরিয়া-১-এ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন ডুপার সভাপতি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর। কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ডুপার যুগ্ম সাধারণ সম্পাদক এবং কর্মশালা বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ড. একেএম সাইফুল্লাহ্।
কর্মশালায় উপস্থিত ছিলেন ডুপার সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, সহ-সভাপতি ফরহাদ জেসমীন লিটি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াসাত আল ওয়াসিফ, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক রত্না শারমীন ঝরা, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মঈনা খাতুন তুলি, যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোসা. শামসুন্নাহার হীরা, মিডিয়া ও প্রচার সম্পাদক মো. আসাদুল্লাহিল গালিব, দফতর সম্পাদক সাইফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্যসহ সংগঠনের অন্যান্য নেতারা।
কর্মশালায় ‘ড্রিমিং ফিউচার ডুপা’, ‘ড্রিম টার্নিং ইনটু রিয়েলিটি’ এবং ‘অ্যাকশন প্ল্যান প্রিপারেশন’ শীর্ষক বিষয় নিয়ে দলভিত্তিক ব্রেইনস্টর্মিং ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের দীর্ঘমেয়াদি ভিশন, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি, তরুণ ও প্রবীণ অ্যালামনাইদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত উন্নয়ন, জ্ঞানচর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন প্রস্তাব উঠে আসে।
আলোচনা শেষে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে ডুপার ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জালাল আহমেদ বলেন, একটি সংগঠনকে দীর্ঘমেয়াদে সফল করতে পরিকল্পিত চিন্তা, ধারাবাহিক কর্মপরিকল্পনা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই কর্মশালা শুধু ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির জন্য নয়, বরং সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বিশ্বাস ও ঐক্য আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সাধারণ সম্পাদক এএসএম হুমায়ুন কবীর বলেন, একটি অ্যালামনাই সংগঠনের প্রকৃত শক্তি তার সদস্যদের সক্রিয় সম্পৃক্ততায় নিহিত। তিনি জানান, ডুপার ইতিহাসে কৌশলগত পরিকল্পনাভিত্তিক এ ধরনের কর্মশালা এই প্রথম। কর্মশালায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে ডুপা সদস্যদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বৃহত্তর সমাজের জন্যও একটি কার্যকর ও অনুপ্রেরণাদায়ক প্ল্যাটফর্মে পরিণত হবে।
কর্মশালার একপর্যায়ে সম্প্রতি যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক রত্না শারমীন ঝরাকে ডুপার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আয়োজকদের মতে, কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ডুপাকে একটি আধুনিক, গতিশীল, পেশাদার ও মানবিক অ্যালামনাই সংগঠন হিসেবে আরও শক্তিশালী করে গড়ে তোলার পথ সুগম হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন